একটা বেশ মজার গল্প পড়লাম। কিন্তু মজার চেয়েও বেশি ভালো লেগেছে এই জন্য যে এই কাহিনী অনেক কিছুই মনে করিয়ে দেয়, অনেক দায়িত্বের কথা বলে যা আমরা অবহেলার সাথে এড়িয়ে যাই। [ একটা ইংরেজি গল্প থেকে অনুবাদ করেছি ]
একদা একটা ইঁদুর একটা কৃষকের ঘরে বাস করত। একদিন ঈঁদুরটা দেয়ালের ফাঁক দিয়ে দেখতে পেল কৃষক এবং তার বউ একটা প্যাকেট থেকে কি যেন বের করছে । ইঁদুরটা খুশী হয়ে গেল এই ভেবে যে প্যাকেটের মধ্যে নিশ্চই কোন মজার খাবার আছে। কিন্তু সে খুবই ব্যথিত হল যখন দেখতে পেল কৃষক বাজার থেকে ইঁদুর মারার যন্ত্র নিয়ে এসেছে।
সে এক দৌড়ে গোয়াল ঘরে গেল এবং সবাইকে সতর্ক করতে লাগলো । প্রথমেই সে মুরগির কাছে গেল এবং বলল:
- ঘরে একটা ইঁদুর মারার যন্ত্র আনা হয়েছে, ঘরে একটা ইঁদুর মারার যন্ত্র আনা হয়েছে।
-- মুরগি কিছুক্ষণ "কক কক" করে বলল: সেইটা তোমার চিন্তার বিষয় আমার চিন্তার বিষয় নয়।
তারপর সে গেল ছাগলের কাছে এবং বলল:
- ঘরে একটা ইঁদুর মারার যন্ত্র আনা হয়েছে, ঘরে একটা ইঁদুর মারার যন্ত্র আনা হয়েছে।
-- ছাগল "মে মে" করে বলল: ইঁদুর সাহেব আমি দুঃখিত । কিন্তু তোমার জন্য দো'আ করা ছাড়া আমার আর কিছুই করার নাই।
তারপর ইঁদুর গেল গরুর কাছে এবং বলল:
- ঘরে একটা ইঁদুর মারার যন্ত্র আনা হয়েছে, ঘরে একটা ইঁদুর মারার যন্ত্র আনা হয়েছে।
-- গরু " হাম্বা হাম্বা" করে বলল: হে ছোট্ট ইঁদুর, এইটা তো আমার জন্য দুঃসংবাদ নহে, তুমি বরং আমাদের কথা চিন্তা না করে নিজের প্রতি খেয়াল নাও।
ইঁদুরটা তার বাসায় ফিরে গেল এবং মনমরা হয়ে বসে থাকলো কারণ কেও তার কথা পাত্তা দিল না।
সেদিন রাতে হটাৎ কি একটা শব্দ হলো । শব্দ শুনে মনে হলো ইঁদুর মারার যন্ত্র তার শিকার ধরে ফেলেছে। কৃষকের বউ দৌড়ে এলেন কি আটকা পড়েছে দেখার জন্য । কিন্তু অন্ধকারে তিনি দেখতে পেলেন না যে, সেখানে সাপ আটকা পড়েছে । যন্ত্রে সাপের লেজ আটকা পড়েছিল এবং যখন মহিলা কাছে গেলেন তখন সাপটা কামড়িয়ে দিল কৃষকের বউকে। মহিলা সাথে সাথে চিৎকার করলেন । কৃষক তার বউকে হাসপাতালে নিয়ে গেল।
সেদিন খুব জ্বর ছিল মহিলার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্ত্রীকে চিকেন সুপ খাওয়ানোর জন্য কৃষক গোয়াল ঘর থেকে মুরগীকে ধরে আনলেন জবাই দেয়ার জন্য। যখন মুরগীকে জবাই দিচ্ছিলেন তখন এক কোণা থেকে ইঁদুরটা মুরগির এই নির্মম পরিনতি দেখছিল।
কিন্তু কৃষকের বউয়ের জ্বর কমলো না বরং শরীর আরো খারাপ হতে থাকলো। কৃষকের বউয়ের পরিবার এলো গ্রাম থেকে তাকে দেখার জন্য। সবাইকে খাওয়ানোর জন্য কৃষক তার ছাগল জবাই করল এবং দূর থেকে ইঁদুরটা ছাগলের নির্মম পরিণতি দেখলো।
অবশেষে কিছুদিন পর কৃষকের বউ মারা গেলো। বউ মারা যাবার কিছুদিন পর কৃষক তার বউ এর মাগফেরাতের জন্য একটা দো'আ মাহফিলের আয়োজন করলো এবং সেখানে এলাকা বাসীদের দাওয়াত করলো। মাহফিলে প্রচুর মানুষ এলেন এবং তাদের খাওয়ার জন্য কৃষক তার গরুকে জবাই করলো এবং দূর থেকে দাঁড়িয়ে ছোট্ট ইঁদুর তা দেখলো...
এই ছিল কাহিনী, কিন্তু কাহিনী কি মনে করিয়ে দেয় জানেন ? কাহিনী মনে করিয়ে দেয়, আমরা ওই মুরগি, ছাগল, এবং গরুর মত যারা অন্যের বিপদের সময় হাত-পা গুটিয়ে বসে থেকে বলি এইটা আমার কোন সমস্যা না আমি কেন খালি খালি ঝামেলায় জড়াবো ? তবে মনে রাখিয়েন, যখন আমাদের মধ্য থেকে কেও একজন বিপদে থাকে তখন তার সাথে আমরাও হুমকির মধ্যে থাকি । মানুন আর নাই মানুন, আমরা সবাই একে অপরের সাথে এক অদ্ভুত অদৃশ্য বাঁধনে জড়িত ।







0 comments:
Post a Comment